১৭ বছরের দীর্ঘ নির্বাসন, কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথচলা আর অসংখ্য চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে বাংলাদেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছেন তারেক রহমান। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই বিএনপির সংসদীয় দলের বৈঠকে তাঁকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক দৃশ্যপটে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল আবেগঘন। নবনির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের সর্বসম্মতিক্রমে যখন তাঁর নাম ঘোষণা করা হয়, তখন পুরো এলাকায় উল্লাসে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা। শায়রুল কবির খান জানিয়েছেন, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।



