ভারতের মুম্বাইয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার দুপুরে শহরের মুলুন্ড এলাকার এলবিএস রোডে নির্মাণাধীন মেট্রোরেলের একটি পিলারের বিশাল কংক্রিটের অংশ চলন্ত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির ওপর ধসে পড়ে। এই আকস্মিক বিপর্যয়ে রামধন যাদব নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
মেট্রো লাইন-৪-এর এই প্রকল্পের কাজ চলাকালীন প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের একটি কংক্রিট সেগমেন্ট হঠাৎ নিচে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং পুলিশ উদ্ধারকাজে নামে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এই দুর্ঘটনা শহরজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় মেয়র এবং বিরোধী দলীয় নেতারা এই ঘটনাকে প্রশাসনের চরম অবহেলা হিসেবে দেখছেন। অভিযোগ উঠেছে, মাত্র একদিন আগে স্থাপন করা ওই কংক্রিট সেগমেন্টটি যথাযথভাবে সুরক্ষিত ছিল না। ব্যস্ততম সড়কে চলাচলের পথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যারিকেড কেন ছিল না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বড় অবকাঠামো প্রকল্পে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ঠিকাদার প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।



