প্রায় দুই দশক পর ব্যালটের মাধ্যমে দেশের শাসনভার হাতে নিতে যাচ্ছে বিএনপি। আর এই ঐতিহাসিক বিজয়ের পর প্রথমবার জনসম্মুখে এসে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুরে গুলশানের বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নৌবাহিনী সদর দপ্তর মসজিদে যাওয়ার পথে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
তারেক রহমানের গাড়ি দেখার পর তাঁর বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমে। জনতাকে দেখে তিনি নিজেই গাড়ির দরজা খুলে নামেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। উপস্থিত কেউ কেউ যখন স্লোগান দেন, “নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনার সঙ্গে আছি,” তখন তারেক রহমান স্মিত হাস্যে তাঁদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।”
দীর্ঘ নির্বাসন ও রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে তারেক রহমান এবার সরাসরি ভোটের লড়াইয়ে অংশ নিয়েছিলেন। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে তিনি বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া তারেক রহমান এখন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে। জুমার নামাজ শেষেও তাঁর উপস্থিতিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



