ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনের মনপুরা অংশে দাপুটে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ২৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের চেয়ে ১৭ হাজার ৬৫8 ভোটে এগিয়ে রয়েছেন।
মনপুরা উপজেলার সবকটি কেন্দ্রের (২৪টি) ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে নুরুল ইসলাম নয়ন পেয়েছেন ২৯,১৮৫ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ মোস্তফা কামাল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১১,৫২৭ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী এম এম কামাল উদ্দিন পেয়েছেন ৩,২৭১ ভোট। মনপুরার এই বড় লিড চরফ্যাসন অংশের ফলাফলেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন বিএনপি নেতা-কর্মীরা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় এবার ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোট ৪৭,৭৮২টি ব্যালট পেপারের বিপরীতে ৪৫,০৬৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া ৩০৮টি পোস্টাল ভোটও জমা পড়েছে। সব মিলিয়ে এই উপজেলায় ভোটের গড় হার ছিল ৬৬.৪৯ শতাংশ। রাত বাড়ার সাথে সাথে এখন সবার নজর চরফ্যাসন উপজেলার ফলাফলের দিকে, যা এই আসনের চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবে।



