রাজধানীর উত্তরায় ১১ বছরের এক শিশু গৃহকর্মীর ওপর চালানো অমানবিক নির্যাতনের ঘটনায় স্তম্ভিত দেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিকুর রহমান এবং তাঁর স্ত্রীর হাতে ওই শিশুর ওপর দীর্ঘকালীন নিপীড়নের যে চিত্র উঠে এসেছে, তার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)। সংস্থাটি এই নৃসংশতার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি তুলেছে। এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং সমাজের সবচেয়ে অসহায় সদস্যদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, মেয়ের বিয়ের খরচ বহন ও লালন-পালনের প্রতিশ্রুতি দিয়ে গত বছর শিশুটিকে ওই পরিবারে পাঠানো হয়েছিল। কিন্তু গত ৩১ জানুয়ারি শিশুটি যখন ফিরে আসে, তখন তার শরীরে পোড়ার ক্ষত ও অসংখ্য আঘাতের চিহ্ন দেখে আঁতকে ওঠেন স্বজনরা। শিশুটিকে বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনা বাংলাদেশে শিশু শ্রমের ভয়াবহ বাস্তবতা ও আইনের দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে। শাহীন আনাম সরকারকে অবিলম্বে গৃহকর্মকে শিশুদের জন্য ‘ঝুঁকিপূর্ণ কাজের তালিকায়’ অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। এমজেএফ মনে করে, কেবল আইনের প্রয়োগ নয়, বরং শিশুদের শোষণমুক্ত শৈশব নিশ্চিতে সামাজিক নজরদারি বাড়ানো জরুরি। তারা ভুক্তভোগী পরিবারকে দীর্ঘমেয়াদী আইনি ও মানসিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।



