― Advertisement ―

ট্রাম্পের মন্তব্যে যুক্তরাজ্যে তোলপাড়: ৪৫৭ ব্রিটিশ সেনার আত্মত্যাগের অবমাননার অভিযোগ

আফগানিস্তান যুদ্ধে ন্যাটোর মিত্র দেশগুলোর ভূমিকা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যুক্তরাজ্যে তীব্র কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষোভ তৈরি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, আফগান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখসমরে (ফ্রন্ট লাইন) অংশ না নিয়ে বরং নিরাপদ দূরত্বে অবস্থান করেছিল। ট্রাম্পের এই মন্তব্যকে ব্রিটিশ রাজনীতিক ও সাবেক সামরিক কর্মকর্তারা “মিথ্যা” এবং নিহত ৪৫৭ জন ব্রিটিশ সেনার স্মৃতির প্রতি “চরম অপমান” হিসেবে আখ্যা দিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রয়োজনে ন্যাটো আদৌ পাশে দাঁড়াবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান। এই বক্তব্যের কড়া সমালোচনা করে যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান এমিলি থর্নবেরি বলেছেন, এটি কেবল ভুল তথ্যই নয়, বরং মিত্র সেনাদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা। ন্যাটোর ইতিহাসে একমাত্রবার ২০০১ সালের ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রের আহ্বানে ‘আর্টিকেল ৫’ কার্যকর হয়েছিল, যার ফলে যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো দুই দশক ধরে আফগানিস্তানে রক্ত ঝরিয়েছে।