― Advertisement ―

এআই কনটেন্ট ও স্ক্রলিং কালচার রুখতে মরিয়া ব্রিটিশ সরকার

শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পথে হাঁটছে যুক্তরাজ্য সরকার। ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে তিনি শিশুদের ‘অন্তহীন স্ক্রলিং’ এবং সামাজিক মাধ্যমে ‘অপরিচিতদের বিচার’ বা ‘লাইক’ পাওয়ার চাপের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।

প্রধানমন্ত্রী স্টারমার জানান, বর্তমান ডিজিটাল যুগে শিশুরা উদ্বেগ এবং হীনম্মন্যতার এক বিষাক্ত বৃত্তে আটকে পড়ছে। এই সমস্যা সমাধানে প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন করা হবে। এরই অংশ হিসেবে ব্রিটিশ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অস্ট্রেলিয়া সফর করবে। উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে গত মাসে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। যুক্তরাজ্যও সেই অভিজ্ঞতাক কাজে লাগিয়ে নিজেদের দেশে সম্ভাব্য বয়সসীমা এবং বয়স যাচাইয়ের (Age Verification) পদ্ধতিগুলো পর্যালোচনা করছে।

নিষেধাজ্ঞার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা ক্ষতিকর কনটেন্ট এবং নগ্ন ছবি তৈরির টুলগুলো নিষিদ্ধ করার পরিকল্পনাও সরকারের রয়েছে। এর আগে যুক্তরাজ্যে ‘অনলাইন সেফটি অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর পর্নোগ্রাফি সাইটে শিশুদের প্রবেশ অনেকাংশে কমেছে বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়। তবে স্টারমার মনে করেন, শিশুদের জন্য শৈশব হওয়া উচিত নির্মল, যা বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে হুমকির মুখে।