প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে অনিয়মসহ কয়েকটি ইস্যুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা ইসি ঘেরাও করে রাতভর সেখানে অবস্থান করবেন।
রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা অভিযোগ করেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক এমনভাবে ভাঁজে রাখা হয়েছে যাতে ব্যালট খোলার সময় প্রতীকটি আড়ালে থাকে, অথচ অন্য একটি প্রতীক ভাঁজ করলেই প্রথমে দৃশ্যমান হয়। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি করেন তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস কোনোভাবেই কাকতালীয় নয়, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। একই সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে নজিরবিহীন ও বিতর্কিত আখ্যা দিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। এসব সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া হলে আন্দোলন আরও জোরদার হবে। তিনি আরও বলেন, দাবি মানা না হলে দিন-রাত নির্বিশেষে ইসি কার্যালয়ের সামনে অবস্থান চলবে।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালট নিয়ে গুরুতর অনিয়ম করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত অনুমোদন দেওয়া হলো—সে প্রশ্নের জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ছাত্রদল নেতারা জানান, তাদের আন্দোলন মূলত তিনটি দাবিকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। দাবিগুলো হলো—প্রথমত, পোস্টাল ব্যালট বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরপেক্ষতা নিশ্চিত করা। দ্বিতীয়ত, কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার না করে কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ।তৃতীয়ত, রাজনৈতিক হস্তক্ষেপে জারি করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিতর্কিত প্রজ্ঞাপন বাতিল।
কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত তাদের দাবির বাস্তবায়নের আহ্বান জানান।



