― Advertisement ―

নিখোঁজ রহস্যের অবসান: রিয়াদ-আবুধাবি স্নায়ুযুদ্ধের কেন্দ্রে এখন আল-জুবাইদির ‘অনড়’ অবস্থান

দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন ইয়েমেনের প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারুস আল-জুবাইদি। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার প্রশ্নে তিনি কোনো ধরনের আপস করবেন না। সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর এই প্রধানের হঠাৎ নিখোঁজ হওয়া নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল।

জানুয়ারির শুরুতে সৌদি আরবে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হন। রিয়াদের দাবি ছিল তিনি আবুধাবিতে পালিয়ে গেছেন, অন্যদিকে তার সমর্থকরা দাবি করেছিলেন তিনি ইয়েমেনেই অবস্থান করছেন। এই অন্তর্ধানের পর প্রথমবারের মতো দেওয়া ভাষণে আল-জুবাইদি তার সমর্থকদের আশ্বস্ত করে বলেন, “আমাদের অধিকার খর্ব করে এমন কোনো সমাধান আমরা মেনে নেব না।” তার এই অনড় অবস্থান সৌদি আরব ও আমিরাতের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।

এদিকে আল-জুবাইদির সমর্থনে শুক্রবার ইয়েমেনের কৌশলগত শহর আদেনে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা সৌদি-সমর্থিত প্রেসিডেনশিয়াল কাউন্সিলের বিরুদ্ধে স্লোগান দিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন। ইয়েমেন সরকারের সাম্প্রতিক রদবদল এবং আমিরাত-ঘনিষ্ঠ মন্ত্রীদের বরখাস্তের পর এই বিক্ষোভ ও জুবাইদির বার্তা ইঙ্গিত দিচ্ছে যে, ইয়েমেনের গৃহযুদ্ধ এখন নতুন এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। ১৯৬৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিদ্যমান থাকা ‘দক্ষিণ ইয়েমেন’ রাষ্ট্রটি পুনঃপ্রতিষ্ঠার লড়াই এখন আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে উঠেছে।