তীব্র কূটনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বুধবার (১৪ জানুয়ারি) কলম্বিয়ার মন্ত্রিসভার এক টেলিভিশন বৈঠকে পেত্রো নিজেই এই গুরুত্বপূর্ণ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। দুই নেতার এই সাক্ষাৎকে লাতিন আমেরিকার রাজনীতিতে সম্পর্কের বরফ গলার বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গত এক বছর ধরে ট্রাম্প ও পেত্রোর মধ্যে নজিরবিহীন বাকযুদ্ধ চলেছে। বিশেষ করে ভেনিজুয়েলার রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বোগোতার মধ্যে দূরত্ব তৈরি হয়। ট্রাম্প প্রশাসন পেত্রোর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই মাদক পাচারের অভিযোগ এনে তার ও তার পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অন্যদিকে, ৬৫ বছর বয়সী বামপন্থী নেতা পেত্রো ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত এবং তিনি ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় হওয়া ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ তীব্র বিরোধিতা করে আসছিলেন।
বৈঠকের আলোচ্যসূচিতে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, মাদক বিরোধী অভিযান এবং লাতিন আমেরিকায় মার্কিন সামরিক উপস্থিতির বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে। চলতি বছরই পেত্রোর প্রেসিডেন্সির মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাই ক্ষমতা ছাড়ার আগে ট্রাম্পের সঙ্গে এই বৈঠকটি দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন অভিযানে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটি প্রশমনেও এই আলোচনা ভূমিকা রাখতে পারে।



