থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন প্রকল্পের ক্রেন ভেঙে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়াও এ দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী একটি ট্রেন নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
স্থানীয় পুলিশ জানায়, একটি উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত নির্মাণ ক্রেন হঠাৎ ভেঙে চলন্ত ট্রেনের একটি বগির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।
পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



