ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ডে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত ব্যক্তির মেয়ে রেখা আক্তার জানান, তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁও এলাকায়। তার বাবা দীর্ঘ ২৫ বছর যাবত হক ডকইয়ার্ডে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।
তিনি আরো জানান, আজ সকাল ৬টা থেকে ডিউটি ছিল তার বাবার। এজন্য ভোর ৫টার দিকে বাড়ি থেকে রওনা হন। কিছুক্ষণ পরই খবর আসে, ডকইয়ার্ডে কারা যেন তাকে ছুরি মেরেছে।
পরে সেখানে গিয়ে তার বাবাকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে পরিবার কিছুই জানাতে পারেনি। কারও সাথে কোন শত্রুতাও ছিল না বলে জানায় পরিবার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



