ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসি ও বিসিবি’র মধ্যে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ভিডিও কনফারেন্সে আলোচনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনার সময় বিসিবি নিরাপত্তা ইস্যুতে ভারতে না যাওয়ার বিষয়ে আগের অবস্থানেই অনড় থাকার কথা জানায়। বোর্ড বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে আবারো আইসিসিকে অনুরোধ করেছে।
অন্যদিকে আইসিসি বলেছে, ইতোমধ্যেই টূর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হয়েছে। তাই তারা বিসিবিকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে।
এর আগে আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার জের ধরে গত ৪ঠা জানুয়ারি ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নেয় বিসিবি।



