ভারতের মুজাফফরাবাদ ও চীনের জিনজিয়াং প্রদেশ সীমান্তবর্তী শাক্সগাম এলাকায় একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ভারতের আপত্তির পরিপ্রেক্ষিতে শাক্সগাম উপত্যকার ওপর নিজের ভূখণ্ডগত দাবি পুনর্ব্যক্ত করেছে চীন।
বেইজিং বলেছে, ওই এলাকায় চীনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প “নির্বিবাদ ও বৈধ”।
গত শুক্রবার (৯ জানুয়ারি) ভারত শাক্সগাম উপত্যকায় চীনের অবকাঠামো প্রকল্পের সমালোচনা করে জানায়, এটি ভারতের ভূখণ্ড এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার ভারতের রয়েছে।
ভারতের দাবি, ১৯৬৩ সালে পাকিস্তান অবৈধভাবে দখলকৃত এলাকা থেকে ৫,১৮০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড চীনের কাছে হস্তান্তর করেছিল।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “শাক্সগাম উপত্যকা ভারতের অংশ। ১৯৬৩ সালের তথাকথিত চীন–পাকিস্তান সীমান্ত চুক্তিকে ভারত কখনোই স্বীকৃতি দেয়নি।”
তিনি আরও বলেন, পাকিস্তানের অবৈধ দখলে থাকা ভারতীয় ভূখণ্ড দিয়ে যাওয়া চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) ভারত স্বীকার করে না।
এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “উল্লিখিত ভূখণ্ড চীনের অন্তর্ভুক্ত। নিজ ভূখণ্ডে অবকাঠামো নির্মাণ করা চীনের ন্যায্য অধিকার।”
তিনি ১৯৬০-এর দশকে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তির কথা উল্লেখ করেন।
চীন আরও জানায়, CPEC একটি অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ এবং কাশ্মীর ইস্যুতে বেইজিংয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি উপত্যকাটির একাংশে চীন সড়ক নির্মাণ করছে। এটি চীনের সিয়াচেন হিমবাহের পূর্বপ্রান্তে অবস্থিত।
সূত্র: দ্য হিন্দু



