আর একমাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কি করবেন? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এবার এ নিয়ে স্পষ্ট একটি ধারণা পাওয়া গেছে।
গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসে সঙ্গে বৈঠক করেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবের।
বৈঠকে শিনজো আবের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব ছাড়ার পর তিনি তিনটি বিষয় নিয়ে কাজ করবেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনেরপর প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে নিয়ে কাজ করবেন। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা এবং ‘থ্রি জিরো’ ধারণা নিয়ে যে কাজ তিনি দীর্ঘদিন ধরে করছেন, তাও অব্যাহত রাখবেন।
সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি কী করবেন—এ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তিনি নিজেই জানালেন।
ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে নিয়ে কাজ করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও করা হবে।
তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা। এ ক্ষেত্রে যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ তিনি চালিয়ে যাবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি ‘থ্রি জিরো’ ধারণা নিয়ে যে কাজ ইতোমধ্যেই তিনি দীর্ঘদিন ধরে করছেন, তাও অব্যাহত রাখবেন প্রধান উপদেষ্টা।
উপ-প্রেস সচিব আরো জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরেন।
এদিকে, বাংলাদেশের সংসদ নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন বলেও জানান উপ-প্রেস সচিব।



