বাংলাদেশের রাজনীতিতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং নীতি নির্ধারণে সাধারণ মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিতে ‘ম্যাচ মাই পলিসি’ (Match My Policy) নামে একটি আধুনিক ওয়েব অ্যাপ চালু করেছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন ঘোষণা করা হয়।
‘ম্যাচ মাই পলিসি’ (www.matchmypolicy.net) মূলত একটি ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের মতামত প্রদান করতে পারবেন। অ্যাপটির ইন্টারফেস অত্যন্ত সহজবোধ্য এবং সোয়াইপ-ভিত্তিক। প্রতিটি স্ক্রিনে বিএনপির বিভিন্ন রাজনৈতিক ও উন্নয়নমূলক পরিকল্পনার সংক্ষিপ্ত সারসংক্ষেপ প্রদর্শিত হবে। ব্যবহারকারীরা ডানে বা বামে সোয়াইপ করে সেসব প্রস্তাবনার ওপর নিজেদের সমর্থন বা অসম্মতি জানাতে পারবেন।
কেবল সোয়াইপ করাই নয়, অ্যাপটিতে ‘ওপিনিয়ন’ (Opinion) নামে একটি বিশেষ বিভাগ রাখা হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা নির্দিষ্ট কোনো পলিসি বা নীতি নিয়ে তাদের নিজস্ব পরামর্শ ও গঠনমূলক সমালোচনা লিখে জমা দিতে পারবেন। অ্যাপের শেষভাগে দলের ভবিষ্যৎ দর্শন ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ কনটেন্ট যুক্ত করা হয়েছে।
বিএনপির এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ‘জেন-জি’ বা নতুন প্রজন্মের তরুণদের সরাসরি রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে আরও বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী করাই এই প্ল্যাটফর্মের প্রধান উদ্দেশ্য।
দলীয় সূত্র মতে, এটি কেবল একটি সাধারণ অ্যাপ নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণমূলক গণতন্ত্র ও পলিসি-ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতির এক নতুন মাইলফলক। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে দলটি।



