― Advertisement ―

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট জব্দ: ৫ টন মাছ উদ্ধার, আটক ১৮

কক্সবাজারের সমুদ্রসীমায় পরিচালিত এক অভিযানে ১৮ জন জেলেসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) রাত ৯টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘সবুজ বাংলা’ কক্সবাজার সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে নামে। এ সময় একটি অবৈধ ট্রলিং বোট আটক করা হয়। বোটটি তল্লাশি করে আনুমানিক ৫ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার এবং ১৮ জন জেলেকে আটক করা হয়।

অভিযান পরবর্তী কার্যক্রমে কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোটটি থেকে ট্রলিংয়ের যাবতীয় সরঞ্জাম সরিয়ে ফেলা হয়। এরপর বোটটির মালিকপক্ষের কাছ থেকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণ সাপেক্ষে বোট ও জেলেদের মুক্তি দেওয়া হয়। এছাড়া উদ্ধারকৃত মাছগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে তাদের এ ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও চলমান থাকবে।