সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশই ছিল মোটরসাইকেল কেন্দ্রিক। শনিবার রাজধানীর এক সংবাদ সম্মেলনে ৯টি জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালের তথ্যের ভিত্তিতে তৈরি এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে ‘রোড সেফটি ফাউন্ডেশন’।
প্রতিবেদনে জানানো হয়, গত বছর ৩ হাজার ২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৬৭২ জন মারা গেছেন। নিহতের তালিকায় ৯৬২ জন নারী ও ১ হাজার ৮ জন শিশু রয়েছে। এছাড়া নিহতদের ৭৮ শতাংশই (৫,৭২৩ জন) ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম ব্যক্তি।
সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ জানান, দেশের মোট যানবাহনের ৭১ শতাংশই মোটরসাইকেল, যার চালকদের বড় অংশই কিশোর ও যুবক। তিনি বিআরটিএ, পুলিশ ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়ের অভাব এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ঘাটতিকে সড়ক অব্যবস্থাপনার মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
সড়কপথ ছাড়াও বছরজুড়ে ৫১৯টি রেল দুর্ঘটনায় ৪৭৮ জন এবং ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত হয়েছেন। নৌপথে এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জন।
সড়ক নিরাপত্তা নিশ্চিতে সংস্থাটি ২১ দফা সুপারিশ পেশ করেছে। এর মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ ও ডিটিসিএ-র সংস্কার এবং মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে ‘আইওটি’ (IoT) প্রযুক্তির ব্যবহার অন্যতম। একইসঙ্গে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সড়ক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।



