ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন করতে পটুয়াখালীর কুয়াকাটায় বিশেষ প্রচারণা শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় ‘সুপার ক্যারাভান’ নামক একটি বিশেষ ভোটের গাড়ির মাধ্যমে এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, ভোটাধিকার প্রয়োগের নিয়ম এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়।
প্রচারণায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি এবং তথ্যগত ভুল বোঝাবুঝি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের আস্থা ও সচেতনতা বৃদ্ধিতেই আমাদের এই আয়োজন। পর্যায়ক্রমে পুরো উপজেলাজুড়ে এই প্রচারণা চালানো হবে।”



