কুড়িগ্রাম সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক যুবককে (২৫) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজিপাড়া গ্রাম থেকে ওই অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ফারাজিপাড়া এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। চুরির উদ্দেশ্যে এসেছেন এমন ধারণা থেকে উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক।
খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তিন স্থানীয় বাসিন্দাকে আটক করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিহতের সঠিক পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের সুবিধার্থে দেশের বিভিন্ন থানায় তার ছবি পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।



