নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় জাতিগত অনুভূতির অপব্যবহার করার অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির বিচারিক কর্মকর্তা রেজওয়ানা আফরিন এই আদেশ দেন।
নোটিশ অনুযায়ী, গত ৭ জানুয়ারি এক উঠান বৈঠকে ফয়জুল হক ধর্মীয় আবেগ উসকে দিয়ে ভোট প্রার্থনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার বক্তব্যের ভিডিওটি ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৫(ক), ১৬(ঙ) এবং ১৮ বিধির পরিপন্থী। কমিটি এটিকে ধর্মের অপব্যবহার হিসেবে চিহ্নিত করেছে।
আগামী ১২ জানুয়ারি (সোমবার) প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
এ বিষয়ে ফয়জুল হক দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্দিষ্ট সময়ে নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।



