― Advertisement ―

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত ৮০


ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছেন। মাদুরোকে আটক করার জন্য কারাকাসে চালানো মার্কিন হামলায় নিহতের মধ্যে সৈন্য এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন। 

এছাড়া ৩২ জন কিউবান সামরিক ও পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে কিউবা সরকার। গত রোববার (৪ জানুয়ারি ২০২৬) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় হতাহতের এই সংখ্যা প্রকাশ করে কিউবা।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনীর অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি ‘বড় অংশ’ নিহত হয়েছেন।

কিউবার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত কর্মকর্তারা ভেনেজুয়েলা সরকারের আহ্বানে দেশটিতে দায়িত্ব পালন করছিলেন। তবে তারা কোন ধরনের নিরাপত্তা বা সামরিক কার্যক্রমে যুক্ত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র হিসেবে কিউবা সেখানে নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে।

গত কয়েকদিন ধরে কিউবায় এই হতাহতের বিষয়ে আলোচনা চললেও সরকারিভাবে তথ্য প্রকাশ করা হয়নি। এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা জানানো হলো।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “ওপাশে ব্যাপক প্রাণহানি হয়েছে, অনেক কিউবান মারা গেছে। তবে আমাদের পক্ষ থেকে কেউ নিহত হয়নি।”

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) পরিচালিত ওই অভিযানে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হয়েছে।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো এই অভিযানকে ‘অপরাধমূলক এবং কুখ্যাত’ আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে নিহত কিউবান নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ভেনেজুয়েলা প্রশাসনের দাবি, এই অভিযান আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।