তীব্র শীতের বার্তা নিয়ে আসছে নতুন বছর। চলতি মাসে তেঁতুলিয়ায় বিক্ষিপ্তভাবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও আশপাশের কোনো এলাকায় তাপমাত্রা কমেনি। তাই শৈত্যপ্রবাহ হয়নি।
তবে ভারতের উত্তর প্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড ও বিহার থেকে আসা কুয়াশার চাদর দেশের উত্তরবঙ্গ, সিলেট, ঢাকার উত্তরাংশ হয়ে কুমিল্লা পর্যন্ত ছড়িয়ে পড়া কুয়াশায় সূর্যের আলো প্রবেশ করতে পারছে না। এতে দিনের তাপমাত্রা বাড়ছে না বলে শীতের অনুভূতি বাড়ছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বললেন, ‘চলতি মাসে আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’ আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশা থাকতে পারে বলেও জানান তিনি।
শৈত্যপ্রবাহ প্রসঙ্গে সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘দেশের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও আমরা শৈত্যপ্রবাহ বলি না। সাধারণত যদি আশপাশের কমপক্ষে দুটি স্টেশনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে, কমপক্ষে দুদিন এমন নিম্নমুখী তাপমাত্রা অব্যাহত থাকে এবং স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে যদি ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকে, তখন আমরা শৈত্যপ্রবাহ বলে থাকি।
এ মৌসুমে এখনো এই পরিস্থিতি হয়নি, ‘আগামী বছরের শুরুতে তাপমাত্রার পারদ নিচে নামার সম্ভাবনা রয়েছে’ বলে জানান ড. মল্লিক।



