দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। আজ সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি অবতরণ করে। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ফ্লাইট থেকে অবতরণের পর থেকেই বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো পরিবারসহ তার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে।

এসময় ফুলের মালা দিয়ে জোবাইদা রহমানের মা তারেক রহমানকে বরন করেন নেন।
এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে জমায়েত হয়েছেন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭ বছর নির্বাসনে থাকা দলটির ভারপ্রাপ্ত শীর্ষ নেতাকে দেশে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন দলটির কর্মী-সমর্থকেরা।

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

এর আগে বৃহস্পতিবার সকালে ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশবিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তার আগে, বাংলাদেশ সময় বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওয়ানা করেন তিনি।




