রাজধানীর পূর্বাচলে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। মেলাকে ঘিরে জোর প্রস্তুতি চলছে সংশ্লিষ্টদের। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, ইতোমধ্যে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলায় ছোট-বড় মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। দর্শনার্থীদের সুবিধার্থে চালু থাকছে ই-টিকিটিং ব্যবস্থা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য থাকছে দুটি আলাদা শিশু পার্ক।
এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার”, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন।
সরেজমিনে দেখা গেছে, পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) এলাকাজুড়ে চলছে ব্যস্ত কর্মচাঞ্চল্য। নির্ধারিত সময়ের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষ করতে দিনরাত কাজ করে যাচ্ছেন শ্রমিকরা।
তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে দর্শনার্থীর সংখ্যা কম হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।
মেলায় স্টল বরাদ্দ নেওয়া এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে দি বাংলাদেশ মেইল–কে জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হতে পারে। এতে সাধারণ মানুষ মেলায় আসতে আগ্রহ হারাতে পারেন। তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে অনেকেই ঘর থেকে বের হতে অনাগ্রহী হয়ে পড়ছেন। এমন অবস্থায় বড় আয়োজন হলেও কাঙ্ক্ষিত সংখ্যক দর্শনার্থী না পাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।



