আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আগামী শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।
শহীদ হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরের উদ্দেশে নেওয়া হচ্ছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বিমানবন্দর থেকে মরদেহ হিমঘরে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নেবেন। পরিবারের অনুরোধে জানাজার স্থান ও দাফনের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে পূর্বঘোষিত কর্মসূচির পরিবর্তে শনিবার মিছিলসহ শহীদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্রজনতাকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার বা সহিংসতার সুযোগ না পায়। একই সঙ্গে মরদেহ দেখার কোনো সুযোগ না রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে সকলের কাছে শৃঙ্খলা বজায় রাখা এবং শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরিফ ওসমান হাদি। এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।



