বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন দিয়েছে।
নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
ডিএসইতে যোগদানের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এ একাধিক সিনিয়র নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেন। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে তাঁর ব্যাপক আন্তর্জাতিক কর্ম-অভিজ্ঞতা রয়েছে।
আইএফসিতে তিনি বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে বাংলাদেশ, ভুটান ও নেপালের কার্যক্রম তদারকি করেন। এছাড়া তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালীন সময়ে তিনি অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
এর আগে বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং একটি টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেন, যার অংশ হিসেবে বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়িত হয়।
নুজহাত আনোয়ারের ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, মূলধন ব্যবস্থাপনা, পোর্টফোলিও অপটিমাইজেশন, লেনদেন সেবা এবং বাজার উন্নয়ন ও অ্যাডভোকেসিসহ পুঁজিবাজার ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ একাধিক ক্ষেত্রে গভীর দক্ষতা রয়েছে। কর্মজীবনের শুরুতে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও সিটিব্যাংক বাংলাদেশের বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে মোট ১৬ বছর দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে (ফাইন্যান্স) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বিএসইসির অনুমোদন প্রসঙ্গে ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম সন্তোষ প্রকাশ করেন। তিনি গত এক বছরে যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে ডিএসই বোর্ড ও ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটি (এনআরসি)-এর কঠোর প্রচেষ্টার প্রশংসা করেন।
মোমিনুল ইসলাম বলেন, “দেশ-বিদেশে আর্থিক খাতে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা, উৎকৃষ্ট নেতৃত্বগুণ এবং দেশের পুঁজিবাজারে রূপান্তরের প্রতি গভীর আগ্রহ বিবেচনায় আমরা বিশ্বাস করি, আগামীর দিনগুলোতে ডিএসইকে নেতৃত্ব দেওয়ার জন্য নুজহাত আনোয়ারই সঠিক ব্যক্তি।” তিনি আরও জানান, নুজহাত আনোয়ারকে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।



