নিজস্ব প্রতিবেদক
বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর আমাদের রাজধানী ঢাকা। বিশ্বের শীর্ষ জনবহুল শহরের নতুন তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। সেই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর। বর্তমানে এই শহরে ৩ কোটি ৬০ লাখ মানুষের বাস।
এর আগে ২০০০ সালে শীর্ষ জনবহুল শহর নিয়ে সবশেষ যে প্রতিবেদন জাতিসংঘ প্রকাশ করেছিল, সেখানে ঢাকার অবস্থান ছিল নয় নম্বরে। শহরটির এই জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা আগের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে।
গত ১৮ই নভেম্বর ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। জাতিসংঘের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২০৫০ সালের মধ্যে ঢাকাই হতে যাচ্ছে বিশ্বের জনবহুল শহর।
জাকার্তা, ঢাকা এবং টোকিও ছাড়াও এশিয়ার অন্য জনবহুল শহরগুলোর মধ্যে রয়েছে : নয়াদিল্লি (৩০.২ মিলিয়ন), সাংহাই (২৯.৬ মিলিয়ন), গুয়াংজু (২৭.৬ মিলিয়ন), ম্যানিলা (২৪.৭ মিলিয়ন), কলকাতা (২২.৫ মিলিয়ন) এবং সোল (২২.৫ মিলিয়ন)।
জাতিসংঘের নতুন প্রতিবেদনে জনবহুল শহরের টোকিওকে পেছনে ফেলে সবার ওপরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘ বলছে, শহরটিতে বর্তমানে ৪১ দশমিক নয় মিলিয়ন মানুষের বসবাস।
জনবহুল শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও। তবে জাকার্তা এবং ঢাকার তুলনায় গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।



