ক্রীড়া ডেস্ক
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ১৩ মিনিটে শেখ মোরসালিন গোল করেন। তা আর শোধ করতে পারেনি ভারতীয় ফুটবলাররা।
এর ফলে ২২ বছর পরে ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের এটা প্রথম জয়। এর আগ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ।
গতকালের ম্যাচ উপলক্ষে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক দেখা গেছে। ঐতিহাসিক এই অর্জনে বাংলাদেশ ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত হামজা চৌধুরী বলেন, ‘নিশ্চিতভাবেই, এটি আমার স্বপ্নপূরণ। মানুষের একাধিক স্বপ্ন থাকতে পারে, এটা আমার একটি স্বপ্ন ছিল। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা কোনো বড় টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করব।’
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমাদের ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা। গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ২২ বছর পর ভারতের বিরুদ্ধে ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।
বাংলাদেশ দলের সমর্থকরা বলছেন, লাল-সবুজের জার্সি হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে ওঠার পর থেকে যেন বদলে গেছে বাংলাদেশের ফুটবল। এই জয়ের ধারাবাহিকতা বাংলাদেশ দল ধরে রাখবে বলে প্রত্যাশা সমর্থকদের।



