আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজাকে অবরুদ্ধ করে গত দুই বছর ধরে ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে তাদের খরচ হয়েছে ৭৬.৩ বিলিয়ন ডলার। এই বিপুল অর্থের বিনিময়ে গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে ৬৯ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
ইসরায়েলের সরকারি তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গত দুই বছরে ইসরায়েলের সামরিক ব্যয় বেড়ে ৭৬.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃতি করে ইসরায়েলের সরকারি গণমাধ্যম কেএএন জানিয়েছে, দুই বছরের যুদ্ধে এখন পর্যন্ত মোট ২৫০ বিলিয়ন শেকেল বা ৭৬.৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
বিপুল এই অর্থ কোথায় খরচ হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা, লেবানন এবং ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসনের খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যায় প্রায় ৬৯,০০০ মানুষ নিহত এবং ১,৭০,৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।



