নিজস্ব প্রতিবেদক
আজ দশম দিনে পৌঁছেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। বেতন বৃদ্ধির সাথে বাড়িভাড়া ২০ শতাংশ, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি নিয়ে তারা অনড় অবস্থানে রয়েছেন।
গত সোমবার (২০ অক্টোবর) থেকে তারা আমরণ অনশন শুরু করেছেন। যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
গত রোববার সরকার মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা। পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চলছে।
শিক্ষকদের দাবি, প্রথম ধাপে বাড়িভাড়া ১০ শতাংশ এবং পরের বছরে ২০ শতাংশ বাড়ানো। তবে অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশের বেশি দিতে চায় না। দুই মন্ত্রণালয়ের মধ্যে চলা এই মতবিরোধই এখন মূল বাধা হয়ে দাঁড়িয়েছে।
আন্দোলন শুরু হয় ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ ব্যানারে গত ১২ অক্টোবর থেকে। গত সোমবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের পর জোট নতুন কর্মসূচি ঘোষণা করে।
শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি জানান, মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত কালো কাপড় বেঁধে মিছিল হবে এবং প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালিত হবে।
আগামী ২২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। দাবি পূরণে না হলে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা।



