নিজস্ব প্রতিবেদক
জামিন হওয়ার পর সেই আদেশ এক ক্লিকেই কারাগারে চলে যাবে। অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া পরীক্ষামূলকভাবে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান আইন উপদেষ্টা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে। একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়। কোনো ধাপে হয়রানি হতে হয়। আগামীকাল পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। একটা ক্লিকে আদালতের রায় থেকে এটা (বেলবন্ড) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।
সাধারণত মানুষের হয়রানি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি আরো বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।



