নিজস্ব প্রতিবেদক
বিনামূল্যে ওষুধ না পাওয়া, অতিরিক্ত ফি আদায়, রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার না করা, পরিচ্ছন্ন চাদর ও বিছানা না দেওয়া, কেনাকাটা ও নিয়োগে অনিয়ম এবং দায়িত্বে অবহেলা সহ বেশকিছু অভিযোগ রয়েছে দেশের ৩৭ জেলার ৬৪ টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে।
অভিযোগ থাকা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পৃথক অভিযান ও গোপন অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, বছরের পর বছর গুদামে ওষুধ মজুত রেখে মেয়াদোত্তীর্ণ এবং ব্যবহারের অনুপযোগী করে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ নাগরিকদের এই ওষুধ রাষ্ট্র বিনামূল্যে দেওয়ার জন্য বরাদ্দ করে। কিন্তু রোগী এলে বলা হয়, ওষুধের সরবরাহ নেই। তখন বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হন রোগী বা তাদের স্বজনেরা।
আবার হাসপাতালে ভর্তি রোগীকে বরাদ্দের অর্ধেক খাবার দেওয়া হয়, যা অনেক ক্ষেত্রেই নিম্নমানের খাবার।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাত ধরনের অনিয়ম পেয়েছে সংস্থাটি। তবে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে স্বাস্থ্যসচিব সাইদুর রহমান বলেন, এ নিয়ে দুদক এখনো কিছু জানায়নি। আমাদের অবহিত করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।



