নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতি বদলে যাচ্ছে। শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগের বদলে বিসিএসের আদলে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, বিধিমালাটি জারি করা হলে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। তখন শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নেওয়া হবে। এতে নিয়োগের দীর্ঘসূত্রতা কমবে।
কবে নাগাদ এটি কার্যকর হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিধিমালা জারি হলে পরবর্তী নিয়োগ পরীক্ষাই নতুন পদ্ধতিতে নেওয়া হবে।
জানা যায়, এই পরীক্ষা হবে দুই ধাপে— নির্বাচনি বা বাছাই পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। নিয়োগ পদ্ধতি বদলাতে ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০২৫-এর খসড়া করা হয়েছে।
খসড়াটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। তা অনুমোদন হয়ে বিধিমালাটি শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে আশা করছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩৮ হাজার। এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ১৬৪টি। বাকিগুলো নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষক-কর্মচারী।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার উভয় পরীক্ষায় পাশ নম্বর হবে ন্যূনতম ৪০ শতাংশ, শূন্যপদের দ্বিগুণ প্রার্থী ডাক পাবেন মৌখিক পরীক্ষায় এবং চূড়ান্ত সুপারিশ পাবেন পদের ২০ শতাংশ বেশি প্রার্থী।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে। বর্তমানে বিধিটি আইন মন্ত্রণালয়ে রয়েছে। আশা করছি, দ্রুততম সময়ে বিধিটি জারি করা হবে।’



