ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কি কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে পরিস্কার কিছু জানা যায়নি।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকটি মিশন সূত্রে এই তথ্য জানা গেছে। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত/হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
তবে রাষ্ট্রপতির ছবি সরানোর এ নির্দেশনা দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কয়েকটি মিশনের দূতরা পাননি। তবে সরকারের এমন নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছে বিদেশের দুটি মিশন।
জানা যায়, চিঠি বা ই-মেইল না দিয়ে টেলিফোন কলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনীতিক জানান, ঢাকা থেকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এটি আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা অঞ্চলভিত্তিক কয়েকজন দূতকে জানানো হয়েছে। তারা অন্য মিশনে জানাচ্ছেন। একই সঙ্গে ছবি সরিয়ে ফেলার বিষয়টিও তদারকি করবেন তারা।



