― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনে জোটবদ্ধ হতে অন্তরালে দৌড়ঝাঁপ শুরু

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়েছে। পাশাপাশি দলগুলোর মধ্যে জোট ও আসন সমঝোতা নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিএনপির নেতৃত্বে ১২ দল, সমমনা জোট, জমিয়তে উলামায়ে ইসলামসহ কয়েকটি দল প্রায় নিশ্চিতভাবে একসঙ্গে ভোটে যাবে। এছাড়া গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এনসিপি, গণ-অধিকার পরিষদের সঙ্গেও বিএনপির যোগাযোগ চলছে। তবে বিএনপি স্পষ্ট জানিয়েছে, তারা জামায়াতের সঙ্গে জোট করবে না।

অন্যদিকে জামায়াতে ইসলামী , ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কিছু ইসলামী দল আলাদা জোটের উদ্যোগ নিয়েছে। এখন তাদের আসন বণ্টন নিয়ে টানাপোড়েন চলছে। বিএনপি ৬০টির বেশি আসন ছাড়তে চায় না, কিন্তু এনসিপি ৩০টি আসনের দাবি তুলেছে।

এদিকে জামায়াতও ৫০টি আসন চাইছে, যা না পেলে তাদের নির্বাচনে না যাওয়ার হুমকি শোনা যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিও আবার সক্রিয় হয়ে উঠেছে। তাদের ধারণা, আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মীরা জাতীয় পার্টির ওপর নির্ভর করতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যারা নির্বাচনে না যাওয়ার কথা বলছে, সেটি আসলে কৌশল মাত্র। শেষ পর্যন্ত সবাই নির্বাচনে অংশ নেবে।

আগামী নির্বাচন সামনে রেখে জোটবদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘১২ দল, সমমনা জোটসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা হচ্ছে আমাদের। তবে এখনো আসন নিয়ে সেভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, কেউ যদি বিএনপির জোটের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের সঙ্গে আলোচনা হতেই পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক সবাইকে নিয়েই জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে বিএনপি এখনো ইতিবাচক। যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য সরকার গঠনের বিষয়েও আলোচনা হতে পারে।

এ বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘বিএনপি যুগপৎ আন্দোলনে শরিক সব দলের সঙ্গে সম্মানজনক সমঝোতায় যেতে পারে। হতে পারে বড় জোট। আমাদের দল ও আরো কয়েকটি দলকে নিয়ে বিএনপির পক্ষ থেকে একসঙ্গে ভোট করার বিষয়টি নিয়ে আলোচনা যে হয়নি তা নয়। তবে আমরা এখন দল গোছাচ্ছি।’

এ বিষয়ে কথা বলার জন্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হলেও তাঁরা কথা বলতে রাজি হননি।

সূত্র: কালের কণ্ঠ