নিজস্ব প্রতিবেদক
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরের পর এবার নির্বিচারে তোলা হচ্ছে মৌলভীবাজারের সিলিকা বালু। এখানকার অর্ধশতাধিক ঝিরি ও ছড়া থেকে রাতের আঁধারে একটি কুচক্রী মহল বালু উত্তোলন করে বিক্রি করছে। কিন্তু তা প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই প্রশাসনের।
পাহাড় ঘেরা এ অঞ্চলের সৌন্দর্য বাড়িয়েছে নদী, ঝিরি আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। পাশাপাশি বিপন্ন হচ্ছে প্রাণ প্রকৃতি।
সরকারি হিসাব অনুযায়ী, এ জেলায় সিলিকা বালুর কোয়ারির তালিকায় রয়েছে ৫২টি ছড়া। এর মধ্যে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর অনুমোদিত ৩৩টি সিলিকা বালু কোয়ারি রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মৌলভীবাজারের সিলিকা বালুর কোয়ারি ইজারা বন্ধের দাবি নিয়ে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০১৬ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিল। উচ্চ আদালত ৫২টি ছড়ার মধ্যে ১৯টির ইজারায় স্থগিতাদেশ দেন। এই ১৯টি ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করা হয়।

পরে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) ও এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান (ইএমপি) প্রাপ্তি সাপেক্ষে ৩৩টি ছড়ায় সিলিকা বালুর কোয়ারি ইজারার অনুমোদন দেওয়া হয়।
এদিকে মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে ১৪২৮ ও ১৪২৯ বাংলা সনে ৫০টি ছড়ায় সিলিকা বালুর কোয়ারিতে ইজারা-সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) অনুমোদিত ৩৩টি ছড়ার সিলিকা বালুর কোয়ারি রয়েছে।
এসব ছড়ার মধ্যে মাত্র ৬টির সিলিকা বালুর কোয়ারি ইজারা দেওয়া হয়, যার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হলেও জেলার বেশির ভাগ সিলিকা বালুর কোয়ারি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে অসাধু ব্যবসায়ীরা।
স্থানীয়রা বলছেন, মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার ছোট-বড় ছড়ার সিলিকা বালুর কোয়ারিতে গেলে দেখা যায়, ছড়ার তীরে সিলিকা বালুর ছোট-বড় স্তূপ। বেশির ভাগ ছড়ায় রাতে কোদাল ও টুকরি দিয়ে বালু উত্তোলন করা হয়। বেশি বালুর স্তূপ না করে প্রতিদিন বিক্রি করে দেওয়া হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতির সালেহ সোহেল বলেন, সরকারকেই সিলিকা বালু রক্ষা করতে হবে। যাঁরা বালু উত্তোলনে জড়িত, তাঁদের আইনের আওতায় আনতে হবে। সময় থাকতে পদক্ষেপ না নিলে পরে ভোলাগঞ্জের মতো পাথর লুট হওয়ার পর মায়াকান্না করে কোনো লাভ হবে না।
এ বিষয়ে জানতে চাইলে, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. শাহীনা আক্তার বলেন, ‘যাঁরা অবৈধভাবে বালু উত্তোলন করেন, আমরা তাঁদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও মামলা দেই। অনেক সময় অভিযানে গেলে আমাদের উপস্থিত টের পেয়ে আগেই সবাই পালিয়ে যান। পরে এসব বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়।’
সূত্র: আজকের পত্রিকা



