নিজস্ব প্রতিবেদক
প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ রিজয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ করেছে আদালত। আজ বুধবার (১৩ আগস্ট) শেখ রেহানার পরিবারের সদস্যদের প্লট দুর্নীতি সংক্রান্ত তিন মামলায় বাদী দুদকের তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এই মামলায় শেখ হাসিনা ও টিউলিপকে আসামী করা হয়েছে। এদিকে আরেক মামলায় (১০ কাঠা প্লট দুর্নীতি) শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৭ জন আসামি। অপর আরেক মামলায় শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক এবং শেখ হাসিনাসহ ১৮ জন আসামি রয়েছেন।
এই তিন মামলায় মোট আসামি ২২ জন। এদের মধ্যে রাজউক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আসামি রয়েছেন। গত ১১ই আগস্ট পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষগ্রহণ করেন আদালত।
গত বছরের ডিসেম্বরে এইসব আসামীদের ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে দুদক। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক।
তিনি দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মামলার বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোন সমন পাননি।



