নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি সাতটি নির্দেশনা জারি করেছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্নসচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সচিবালয়ের ভেতরে কোন প্রকার মিছিল, সমাবেশ বা গণজমায়েত করা যাবেনা। সন্ধ্যার পরে সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
আরো বলা হয়েছে, সচিবালয়ের ভেতরে কোন সংগঠন বা সমিতির বৈঠক করা যাবেনা। এছাড়াও ছুটির দিনে সচিবালয়ের ভেতরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
এছাড়া সচিবালয়ের ভেতরে কর্মরত সবাইকে প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে। সচিবালয়ে ভেতরে কোথাও লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো যাবেনা। সচিবালয়ে প্রবেশকালীন সময় গাড়ি বা ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করা হবে।



