― Advertisement ―

নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, ২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত দুর্ঘটনায় আহত ও নিহতদের হালনাগাদ সংখ্যা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আইএসপিআর জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন আহত, নিহত নেই। বার্ন ইনস্টিটিউটে রয়েছে ৪৬ জন আহত এবং ১০ জন নিহত। ঢাকা মেডিক্যালে ভর্তি আছে ৩ জন আহত এবং ১ জন নিহত। ঢাকার সিএমএইচে রয়েছে ২৮ জন আহত এবং ১৬ জন নিহত। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় ভর্তি আছে ১৩ জন আহত এবং ২ জন নিহত।

উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন আহত এবং ১ জন নিহত। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে রয়েছে ১ জন আহত, নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ১ জন আহত, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আছেন ২ জন আহত এবং ১ জন নিহত এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন ৩ জন আহত, নিহত নেই।

অপরদিকে আগামী ২৪শে জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

এদিকে, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার আজ মাইলস্টোন স্কুল ও কলেজে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষাভের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়।