― Advertisement ―

বাংলাদেশ থেকে উপহারের আম যাচ্ছে ভারতে

ডেস্ক রিপোর্ট :
প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে এ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

ভারতে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৫ জুলাই এই আমের চালানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে। নয়াদিল্লি পৌঁছানোর পর আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, কূটনীতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করার কথা রয়েছে।

প্রতিবছর বাংলাদেশ সরকার মৌসুমি উপহার হিসেবে ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আমসহ বিভিন্ন ফল পাঠিয়ে থাকে। চলতি বছরের আম উপহার পাঠানোর কার্যক্রমটি পরিচালনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এটি রপ্তানিকারকের মাধ্যমে সরবরাহ করা হয়।

এই উদ্যোগকে ‘আম কূটনীতি’ হিসেবে অভিহিত করা হয়, যা আগের প্রশাসনের সময়েও চলমান ছিল। সেই ধারাবাহিকতায় এখনো এটি সৌহার্দ্য ও পারস্পরিক শুভেচ্ছার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিএম/জ/রা