নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী
সাগর থেকে মাছ ধরে ট্রলার নিয়ে উপকূলের এসে ঘাটে ভেড়ানোর সময় ট্রলার থেকে নদীতে পড়ে আল-আমিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (২৩ জুন) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ট্রলার ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে আল-আমিন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের সিরাজ খানের ছেলে।

জানা গেছে, পাঁচ দিন আগে চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন ‘এমবি আসাদুল’ নামের ট্রলার নিয়ে জেলে আল-আমিনসহ ১০ জন জেলে সমুদ্রে মাছ ধরতে যায় । মাছ ধরা শেষে মাছসহ ট্রলার নিয়ে তারা উপকূলে ফিরে আসেন। আজ সোমবার সকাল ৯ টার দিকে তাদের ট্রলারটি চরমোন্তাজ ট্রলার ঘাট এলাকায় পৌঁছে ভেড়ানোর কাছ শুরু করেন। এসময় অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন আল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিন ট্রলারটি ঘাটের সঙ্গে বাঁধার জন্য রশি হাতে নিয়ে ঘাটের পন্টুনে নামতে গিয়ে পা পিছলে পড়ে মাথায় আঘাত লেগে ঘাট সংলগ্ন বুড়াগৌড়াঙ্গ নদীতে পড়ে তলিয়ে যায়।

ট্রলার অন্য জেলেরা জানান, আল আমিন নদীড়ে পড়ে যাওয়ার পর তাৎক্ষণিক তারা নদীতে নামেন কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে জেলে উদ্ধারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় মানুষজন।
এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। নদীতে বেশ কয়েকটি ট্রলার নিয়ে জেলেসহ স্থানীয়রা উদ্ধারে নেমেছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আরো জোড়ালোভাবে উদ্ধার অভিযান চালাবে।



