ছবির কথায় আজ থাকছে বরিশালের চরমোনাই মাহফিল মাঠের চিত্র:
কোরবানির বাকি আর মাত্র তিনদিন। তবুও বরিশালের গরুর হাটে বেচাকেনা জমে উঠেনি। ক্রেতা-বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের দাবি বৃহস্পতি ও শুক্রবার জমজমাট বেচা বিক্রি হবে।

বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিলের মাঠে প্রতি বছরই প্রচুর গরু বেচাকেনা হয়। গত মঙ্গলবার থেকে শুরু হয়ে ঈদ উল আজহার পূর্ব রাত পর্যন্ত বেচাবিক্রি চলবে।
এছাড়াও আশে-পাশের খামার ও গৃহস্তের লালন-পালন করা গরু পাওয়া যায় এ হাটে। ক্রেতা-বিক্রেতারা জানান, এ হাটে গরু কিনলে মাত্র একশ টাকা ও ছাগল কিনলে ৫০ টাকা করে খাজনা দিতে হয়।

ক্রেতারা জানিয়েছেন, দাম দেখার জন্য এসেছেন। দাম গত বছরের মতো নাগালের মধ্যেই রয়েছে।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, হাটে মানসম্মত পশু নিশ্চিত করতে দুটি হাটের জন্য একটি করে টিম কাজ করছে। এ বছর বরিশাল বিভাগে পশুর চাহিদা রয়েছে ৪ লাখ ৩২ হাজার।



