মেহেদী হাসান জসীম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ ব্যবসায়ীদের অপতৎপরতায় হুমকীর মুখে পড়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন। বিভিন্ন দর্শনীয় স্থানে ছদ্মবেশে ঘুরে বেড়ায় এ সব ভিউ ব্যবসায়ীরা। বিশেষ করে সমুদ্র সৈকত কক্সবাজার, কুয়াকাটা, পতেঙ্গাসহ দেশের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ঝর্ণায় নজর রাখে তারা। যখন দর্শনার্থীরা ভ্রমণের পাশাপাশি মনের আনন্দে গোসল করেন তখন দূর থেকে জুম লেন্স ক্যামেরা অথবা গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিউ বানিজ্য করে তারা।
পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া এখন শুধু আনন্দের ব্যাপার নয়, বরং ভয়েরও। কারণ সেখানে শুধু প্রকৃতির অপার সৌন্দর্যই নয়, ওঁৎ পেতে থাকে এসকল অমানবিক ও নোংরা ভিউ ব্যবসায়ীরা। এরা দূরে অথবা কাছে থেকে ক্যামেরা বা মোবাইল নিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়ায় সৈকতের পাড়ে, ঝর্ণার ধারে কিংবা নদীর তীরে। আপনি বা আপনার পরিবার একটু আনন্দ করতে চাইলেই তারা সেটা পুঁজি করে তৈরি করে নোংরা কন্টেন্ট—আপনার অজান্তেই।
ধরা যাক, আপনার পরিবারের নারী সদস্যরা আনন্দে সাগরের ঢেউয়ে শরীর ভিজিয়ে আনন্দে মেতেছে। এমন মুহূর্তে হঠাৎ ঢেউয়ের ধাক্কায় শরীরের স্পর্সকাতর স্থান থেকে একটু কাপড় সরে গেল, এই সামান্য ঘটনাকে তারা বানিয়ে ফেলে ‘ভিউ জেনারেটিং কনটেন্ট’। জুমে ভিডিও করে তা এমনভাবে সম্পাদনা করা হয় যাতে আরও স্পষ্ট হয় আপনার পরিবারের কারও শরীরের গোপন অংশ। আর এসব টুকরো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্যবসা করে এই নোংরা মানসিকতার ভিউ ব্যবসায়ীরা।
এই সব নোংরা ভিডিও কনটেন্ট এখন হরহামেসাই চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর হোমপেজ খুললেই দেখা যায় সমুদ্রসৈকতে গোসলরত তরুণী অথবা পাহাড়ি ঝর্ণায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া কারো গোসলের ভিডিও। তাতে ব্যক্তিগত গোপনীয়তা যেমন ভেঙে পড়ছে, তেমনি নষ্ট হচ্ছে সামাজিক শালীনতাও।
ভিডিও কন্টেন্টের নামে বিনা অনুমতিতে এভাবে ব্যক্তিগত মুহূর্ত বিকৃতভাবে উপস্থাপন করে যারা নিজেদের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলে দাবি করছে—তাদের কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। কারণ এটা শুধু অনৈতিক নয়, সরাসরি অপরাধও।
এ থেকে রক্ষা পেতে নিজেদের যেমন সচেতন হওয়া প্রয়োজন, পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারী বৃদ্ধি করতে হবে। আমাদের মনে রাখতে হবে, এখনকার দিনে এমন ছোট্ট একটি নোংরা ভিডিও আপনার ব্যাক্তগত জীবনকে দারুণভাবে বিপর্যস্ত করতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে গেলে বিশেষ করে পানিতে নামার আগে খেয়াল রাখতে হবে পোশাকের দিকে। কারণ সাবধান না হলে, হয়তো মোবাইল স্ক্রিনে কোন একদিন দেখবেন, সবার সামনে ভেসে উঠেছে আপনার স্ত্রী, বোন কিংবা সন্তানের ব্যক্তিগত মুহূর্তগুলো। যা হয়েছে সম্পূর্ণ আপনার অজান্তেই।
(এটি সম্পূর্ণ লেখকের নিজস্ব মতামত)



