ডেস্ক রিপোর্ট : মক্কায় ১ হাজার ১২৬ এবং মদিনায় ১ হাজার ৬৭ জন হজযাত্রীর বাড়িভাড়া এখনো চূড়ান্ত না হওয়ায় এই ২ হাজার ১৯৩ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ৮ বারের অনুরোধ সত্ত্বেও ৯ এজেন্সি এখন পর্যন্ত এসব হজ গমনেচ্ছু যাত্রীর বাড়ি ভাড়া করেনি।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব ফারুক আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর বাংলাদেশ থেকে বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী হজ করতে যাবেন।
সৌদি সরকারের রোডম্যাপ/টাইমলাইন অনুযায়ী মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি গত ৩ এপ্রিল তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল।
এই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে ৮ বার তাগিদপত্র প্রেরণ এবং জুম সভায়ও বহুবার অনুরোধ জানানো হয়।
বারবার অনুরোধ করা সত্ত্বেও ৯ এজেন্সি ২ হাজার ১৯৩ হজযাত্রীর মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন ব্যবস্থা করেনি। ফলে এসব হজযাত্রীর হজে গমনের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিএম/জ/রা



