― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নদীতে ভাসছিল জামাল শরীফের লাশ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

ঈদ উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচ খেলে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হয় জামাল শরীফ (২৫) নামের এক তরুণ ফুটবলার। নিখোঁজের ১৫ ঘন্টা পর আজ বুধবার সকাল ৮ টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় জামালের লাশ উদ্ধার করা হয়।

পটুয়াখালীর গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি কাজল নদীতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে জামালকে বহনকারী ট্রলারটি ডুবে যায়। নিহত জামাল গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের বাসিন্দা কালাম শরীফের ছেলে।

জামালের সঙ্গীরা জানায়, ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার জামালসহ এলাকার একদল যুবক পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে বিকেল ৫ টার দিকে তাদের ট্রলারটি কাজল নদীর মাছ বরাবর হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল নিখোঁজ হন।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। জামালের সন্ধানে গলাচিপা ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেয়।

গ্রাম পুলিশ সদস্য শংকর লাল হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারে ট্রলার নিয়ে নদীতে নামেন।

গতকাল রাতে গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, নদীর গভীরতা ও রাত হওয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে। রাত হওয়ায় উদ্ধারকাজ চালানো সম্ভব না। ডুবুরি আনা হয়েছে, সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে। তিনি আরও জানান, ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে যায়।

এদিকে আজ বুধবার সকালে স্থানীয়রা ট্রলার নিয়ে কাজল নদীতে উদ্ধরে নামে এবং সকাল আনুমানিক ৮ টার দিকে নিখোঁজ জামালের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিলন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮ টার দিকে নিখোঁজ যুবক জা্মালের মরদেহ নদী থেকে উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।