আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি অনুপ্রবেশকারী দলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে তীব্র বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। সীমান্তের ঘন জঙ্গলে রোববার শুরু হওয়া এই অভিযানে ব্যাপক গোলাগুলির শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা, ফলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) পুলিশ দল তল্লাশি অভিযান শুরু করলে সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালায়। আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বন্দুকযুদ্ধে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠিয়ে ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কর্মকর্তাদের ধারণা, সন্ত্রাসীরা শনিবার রাতে সীমান্ত সংলগ্ন গিরিখাত বা নতুন তৈরি সুড়ঙ্গপথ ব্যবহার করে ভারতে প্রবেশ করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি, তবে এলাকায় নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে।
অভিযানের দ্বিতীয় দিনেও তল্লাশি অব্যাহত রয়েছে। পুলিশের মহাপরিচালক নলিন প্রভাতের নেতৃত্বে আজ সোমবার ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চলছে। অভিযানে সহায়তার জন্য অতিরিক্ত কমান্ডো ও ড্রোন মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, সীমান্তে গোলাগুলির ঘটনার বিষয়ে পাকিস্তানের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি যেকোনো মুহূর্তে আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং অভিযানের সর্বশেষ অগ্রগতির ওপর নজর রাখা হচ্ছে।
বিএম/সজীব



