― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডেস্ক রিপোর্ট:
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য এবং সূচনা ফাউন্ডেশনে জোর করে ৩৩ কোটি টাকা জমার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সায়মা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক।

প্রথম মামলায় সায়মা ওয়াজেদের সঙ্গে নাসা গ্রুপের মালিক, এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা বিএবির সদস্যভুক্ত ব্যাংকগুলোকে তাদের সিএসআর ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে টাকা দেওয়ার জন্য চাপ দেন। এতে ২০১৭ সালের মে মাসে ১৭টি ব্যাংক তাদের সিএসআর খাত থেকে ২১ কোটি টাকা সূচনা ফাউন্ডেশনকে দেয়। এই প্রক্রিয়ায় ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি পাঁচ লাখ টাকা সূচনা ফাউন্ডেশনের অনুকূলে দেওয়ার জন্য বাধ্য করা হয়।

দ্বিতীয় মামলায় সায়মা ওয়াজেদকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, সায়মা মামলায় ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে ২০২৩ সালে দেওয়া সিভিতে মিথ্যা তথ্য দেন। শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিক্ষকতা/শিক্ষা ম্যানুয়াল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে ওই কাজের সঙ্গে সম্পর্কিত দাবি করে পদটিতে নিয়োগ লাভের অভিযোগ আনা হয়েছে। মামলায় ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটনার সময় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মার্চ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ, শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।