― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রস্তুতি চূড়ান্ত

ডেস্ক রিপোর্টঃ রাজনৈতিক অঙ্গনে নতুন দল গঠনের উদ্যোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত হতে যাওয়া এই দল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। তবে আত্মপ্রকাশের আগেই দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের শীর্ষ পদে অন্তর্ভুক্তির দাবিকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছে।

সবার মতামতকে গুরুত্ব দিয়ে বিরোধ নিরসনের লক্ষ্যে শীর্ষ নেতৃত্বের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বিভিন্ন পক্ষের মধ্যে অনুষ্ঠিত একাধিক সমঝোতা বৈঠকে ‘জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক’ এবং ‘জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব’ পদ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে। নতুন পদ সংযোজনের মাধ্যমে ছাত্র শিবিরের সাবেক নেতাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব কাঠামো প্রায় চূড়ান্ত হয়েছে। নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে দলটির মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে দেখা যেতে পারে। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যদিও প্রাথমিক পর্যায়ে বড় পরিসরে জনসমাবেশ আয়োজনের পরিকল্পনা নেই।

জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটি সব পক্ষকে নিয়ে পথচলার নীতিতে অটল থাকবে। সেই লক্ষ্যে শীর্ষ নেতৃত্ব নিয়ে সমঝোতা করা হয়েছে এবং আলী আহসান জোনায়েদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেওয়া এক নেতাকে আপাতত কোনো পদে রাখা হচ্ছে না।

নতুন রাজনৈতিক দলের পাশাপাশি একটি নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশেরও প্রস্তুতি চলছে। সংগঠনটি ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে কাজ করবে, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সরাসরি কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হিসেবে জাহিদ আহসানকে মনোনীত করার বিষয়টি প্রায় চূড়ান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে আসতে পারেন আবদুল কাদের ও সানজানা আফিফা অদিতি।

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সম্ভাবনার কথা মাথায় রেখে সংগঠনটি ইতোমধ্যে প্রার্থী মনোনয়নের পরিকল্পনা করছে। যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আবদুল কাদেরকে ভিপি এবং আবু বাকের মজুমদারকে জিএস পদে মনোনয়ন দেওয়া হতে পারে।

সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক নেতা জানিয়েছেন, খুব শিগগিরই সংগঠনের নাম ও কাঠামো চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিএম/সজীব