আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি দেশটির সাও পাওলো রাজ্যের রিবেইরাও প্রেতো এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে ঘটে।
স্থানীয় গণমাধ্যম ও উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ইউনিফ্রান্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসটি দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ৩১ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১২ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান। তবে গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় ট্রাকচালক পালানোর চেষ্টা করলেও তাকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন নিহত শিক্ষার্থীদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো শিক্ষার্থী সমাজে শোকের ছায়া ফেলেছে।
বিএম/সজীব



